ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে চিঠি দিয়েছেন বিএনপি

আল-আকসা মসজিদসহ পূর্ব জেরুজালেমে গোলাবর্ষণ ও হত্যাযজ্ঞের ঘটনায় উদ্বেগ প্রকশ করে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে চিঠি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকার বারিধারায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের কাছে বিএনপি মহাসচিবের চিঠি হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পাঠানো চিঠিতে আল-আকসা মসজিদসহ পূর্ব জেরুজালেম এলাকায় সম্প্রতি দখলদার বাহিনীর নিষ্ঠুর হামলায় নারী-শিশুসহ অগণিত ফিলিস্তিনি জনসাধারণের হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতিও সমবেদনা জানানো হয়।


মির্জা ফখরুল বলেন, এই কঠিন সময় উত্তরণে আল্লাহ রাব্বুল আ‘লামীন যেন আপনাকে শক্তি ও সাহস দান করেন। চিঠিতে বিএনপি মহাসচিব এই বর্বরোচিত হামলায় মাহে রমজান মাসে আল-আকসা মসজিদের পবিত্রতা নষ্ট এবং ফিলিস্তিনি পরিবারগুলোকে তাদের বসতি থেকে উচ্ছেদ মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করেন।


ফখরুল তার চিঠিতে আল-আকসা মসজিদ ও পূর্ব জেরুজালেম এলাকায় নিরাপরাধ মানুষের ওপর গোলাবর্ষণ ও হত্যাযজ্ঞের ঘটনার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার ভূমিকা পালন এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের ঘোষণার আলোকে ওই এলাকায় ফিলিস্তিনিদের সকল ধরণের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানান।


পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি বিএনপি এবং বাংলাদেশের জনগণের সমর্থনের বিষয়টি ফিলিস্তিনের প্রেসিডেন্টকে প্রেরিত বিএনপি মহাসচিবের চিঠিতে পুনর্ব্যক্ত করা হয়।

ads
ads
ads

Our Facebook Page